সানিউজ্জামান সরল »
আজ (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে লড়বে ঢাকা প্লাটুন। এ ম্যাচেই দলের সেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না। জ্বরে আক্রান্ত তামিমকে না পেয়ে ঢাকা শিবিরে দেখা দিয়েছে এক অজানা হাহাকার।
দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। শুরু হলো বঙ্গবন্ধু বিপিএল। আর তামিমও ফিরলেন খেলায়। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচেই শুরু হলো তামিম তান্ডব। ঐ ম্যাচে ৫৩ বল খেলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তামিম। তৃতীয় ম্যাচেও তামিম খেলেছিলেন ৩০+ রানের একটি ইনিংস। অর্থাৎ তামিম পুরোদমে ছন্দে ফিরেছেন।
তবে এবার যেন কাল হয়ে আগমন ঘটলো ভাইরাস জ্বরে। জ্বরের সূত্রপাত কুঁচকির ব্যাথা থেকে। তামিম হঠাৎ করেই কুঁচকির ব্যাথায় ভোগেন, সেই ব্যাথা থেকেই মূলত তামিমের এই জ্বর। নিজের কপালকে দোষতেই পারেন তিনি। কেননা ছন্দে ফিরেও কাল হয়ে আসা জ্বর ২২ গজে নামতে বাঁধা দিচ্ছে তামিমকে।
তামিমের এই জ্বরে সকল ভক্ত-সমর্থকদের সাথে বেশ চিন্তিত প্রধান কোচ সালাউদ্দিনও। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে চিন্তার কথা উল্লেখ করে তিনি জানান, ‘তামিমের জ্বর। এখন জানিনা কি হবে! আমার মনে হচ্ছে খেলোয়াড়দের একটু বিশ্রাম দিলে ভালো হত। তামিমের না থাকা টা তো আমাদের জন্যে বড় একটা ধাক্কা। তামিম আমাদের সবচেয়ে ভালো ব্যাটসম্যান, এছাড়া সে অনেকদিন পর রানেও ফিরেছিলো। এ সময়ে তার না থাকাটা, আমাদের জন্য বড় একটা ধাক্কা।’
ঢাকা প্লাটুনের পরবর্তী ম্যাচ ২৩ ডিসেম্বর অর্থাৎ চারদিন ফাঁকা সময় কাটবে ঢাকার। এর আগেই তামিমের সুস্থতা কামনে করছেন সালাউদ্দিন। আর তাছাড়া তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চায় না তিনি। সম্পূর্ণ সুস্থ হলেই তাকে খেলানো হবে।
সালাউদ্দিনের ভাষ্যমতে, ‘দেখেন, এটা অনেক বড় একটা টুর্নামেন্ট। তাই আমরা কোনভাবেই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আমাদের পরবর্তী ম্যাচ ২৩ তারিখের দিকে, চারদিনের এই লম্বা সময়ে যদি সে সুস্থ হয়ে ওঠে, তবেই তাকে খেলানো হবে। তাছাড়া না।’
রানের ফেরা তামিমকে হঠাৎ করেই জ্বরের কারণে ২২ গজ থেকে দূরে থাকতে হচ্ছে। যা বেশ পোড়াচ্ছে তামিমকেও। দেশ সেরা এ ব্যাটসম্যানের জ্বরের খবর শুনে হাহাকারের অনলে দগ্ধ হচ্ছে ভক্ত-সমর্থকদের। তামিম অতি শীগ্রই সুস্থ হয়ে খেলায় ফিরুক, এটাই এখন একমাত্র চাওয়া।
