কে এম আবু হুরায়রা »
ক্রিকেট জুয়া বা ম্যাচ গড়াপেটার কালো থাবা এখন মহামারি আকার ধারণ করেছে৷ বাংলাদেশের ক্রিকেটে আশরাফুলের জড়িয়ে যাওয়ার পর এবার সাকিব আল হাসানের প্রস্তাবে রাজি না হলেও সেটাকে গোপন রাখার কারনে নিষেধাজ্ঞার পর বেশ নড়েচড়েই বসেছে বিসিবি।
সতর্কতা এবং দেশীয় ক্রিকেটকে শুদ্ধ রাখতেই এবারের বিপিএল এ প্রতিটি দলের সাথেই থাকবেন একজন করে আকসুর কর্মকর্তা। এক্ষেত্রে অভিজ্ঞতাকেই মূল্যয়ন করবে বিসিবি৷ এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এন্টি করাপশন ইউনিটতো আছেই। প্রত্যেকটি দলের সাথেই একজন করে (আকসুর) কর্মকর্তা থাকবেন।’
এখন থেকে বেশ সিরিয়াস বিসিবি। বিসিবি সভাপতির ভাষায়, ‘আমরা খুব সিরিয়াস। আগে থেকেই সতর্কতা ছিলো৷ এখন আরও বেড়েছে। এমন নয় যে আমাদেরই সব করতে হচ্ছে। সব আকসুই করছে৷ আমরা শুধু অতিরিক্ত খরচ দিচ্ছি।’
তবে আকসু থেকে কারা আসবেন এ নিয়ে এখনও নিশ্চিত কিছু বলেননি বিসিবি সভাপতি। তবে আর্মিতে থাকা কর্মকর্তাদের বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি। পাপন বলেন, ‘এটা আকসু থেকেই এসেছে। আমরা ওদেরকে বলেছি যতটা সম্ভব নিরাপদ করতে চাই। আসলে আমাদের এখানে যারা আকসুর আছে তারাই ওদের সাথে কথাবার্তা বলে ঠিক করে। নিয়োগ আমরা দেইনা৷ আমরা জানিওনা কারা আসবে৷ যাদের পূর্ব অভিজ্ঞতা আছে বা আর্মিতে ছিলো তাদেরকে প্রাধান্য দেওয়া হয়।’
