ধোনির ভাগ্য নির্ধারণ করবে আইপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর ক্রিকেট থেকে দূরে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের বাইরে থাকলেও অবসরের ঘোষণা দেননি এখনো। লম্বা সময় বাইরে থাকা ধোনির ভাগ্যে কী অপেক্ষা করছে, সেটাই সামনের আইপিএলে নির্ধারণ হবে বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ওই ম্যাচের পর থেকেই ক্রিকেট থেকে ‘ছুটি’তে আছেন ধোনি। বিশ্বকাপের পর বিরাট কোহলিরা বেশ কয়েকটি সিরিজ খেললেও ছিলেন না শুধু সীমিত ওভার ক্রিকেট চালিয়ে যাওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তার বিশ্রামে সীমিত ওভার ক্রিকেটে গ্লাভস হাতে ভারতের প্রথম পছন্দ হয়ে উঠেছেন তরুণ তুর্কি ঋষভ পান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই এখন সবকটা দলের ভাবনা। আগামী বছর অর্থাৎ ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই ‍টুর্নামেন্টে ধোনি থাকবেন কিনা, সেটা সামনের আইপিএলে স্পষ্ট হয়ে যাওয়ার কথা জানিয়েছেন শাস্ত্রী। ধোনির দলে থাকা প্রসঙ্গে ভারতীয় হেড কোচ বলেন, ‘বিষয়টা নির্ভর করছে ধোনি কখন খেলা শুরু করে এবং আইপিএলে কেমন খেলে তার ওপর। উইকেটরক্ষকের গ্লাভস হাতে অন্যরা কেমন করছে কিংবা ওই খেলোয়াড়দের ফর্ম ও ধোনির ফর্মের পার্থক্য কী, তার ওপরই নির্ভর করছে সবকিছু।’

আইপিএলের পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপের দল অনেকটাই তৈরি করে দেবে বলে মনে করেন তিনি। ‘আইপিএল বিশাল একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে আমাদের নিজেদের জন্য, কারণ বিশ্বকাপে আগে এটাই হতে পারে শেষ টুর্নামেন্ট। ঠিক তখনই ১৫ জন ঠিক হয়ে যেতে পারে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আইপিএলের পর আমি আমার বিশ্বকাপের দল সম্পর্কে জানতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »