নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে এবারের বিপিএলে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগের আসর গুলোতে রংপুর, ঢাকা ও বরিশালের হয়ে খেলেছেন গেইল। বঙ্গবন্ধু বিপিএলের এবারের বিশেষ আসরে চট্টগ্রামে গেইল ছাড়াও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামসের মত বেশ কিছু তারকা ক্রিকেটার।
বিশ্বের বিভিন্ন দেশের সব নামি-দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া গেইলকে বলা হয় টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় এই ব্যাটিং দানব বর্তমানে খেলছেন দক্ষিণ আফ্রিকার লিগ মানজি সুপার লিগে। গত আসরের ন্যায় এবারও তিনি জজি স্টারসের জার্সিতে খেলছেন।
এই মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটির হয়ে মাঠ মাতাতে ব্যর্থ গেইল। ইতিমধ্যে বিদায়ের পথে চলছে ৬ ম্যাচের সবকটিতেই পরাজয় বরণ করা জজি স্টারস। এবারের আসরে গেইলের ব্যাট সেভাবে জ্বলে উঠেনি। শেষ ম্যাচে স্পার্টান্সের বিপক্ষে করেছেন সর্বোচ্চ ৫৪ রান ২৭ বল মোকাবেলায়। এই টুর্নামেন্ট পরই গেইলের খেলার কথা বঙ্গবন্ধু বিপিএলে। তবে বিপিএল শুরুর আগে বিশ্রাম প্রয়োজন ইউনিভার্স বসের।
আফ্রিকার একটি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে গেইল তার বিশ্রাম প্রসঙ্গে জানান, ‘আপাতত ক্রিকেট থেকে বাইরে থাকার ইচ্ছা আছে আমার। পরে কখনও জজি স্টারসের হয়ে খেলবো কী না সেটা এখনো আমি ঠিক করিনি। তবে এটুকু বলতে পারি ক্রিস গেইল কখনও ‘না’ বলে না। এখন আমার বিশ্রামের প্রয়োজন। একটা টুর্নামেন্ট খেলতে আসার আগে ঠিক যতটুকু বিশ্রামের দরকার হয় সেটাই প্রয়োজন। মানসিক অবস্থাটা না হয় কোনো বিষয় না কিন্তু শারীরিক দিকটা তো অবশ্যই ভেবে দেখতে হবে। আমার শরীর যদি সায় দেয় তাহলে আমি মনে করি নিজের সেরাটা দিয়েই খেলতে নামবো। আমি চাই আরো কিছু ম্যাচ খেলতে।’
