নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাশরাফী বিন মোর্ত্তজা আর ইনজুরি নামটা একজন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার ক্রিকেট জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। ইনজুরি নামক বন্ধু নামের শত্রুটিকে নিজের জীবন থেকে মাশরাফী ছাড়তে চাইলেও মাশরাফীকে ছাড়েননি ইনজুরি। ক্যারিয়ারের শুরু থেকে আজ অবদি ছোট বড় মিলিয়ে প্রায় ১৩ বার ইনজুরির সম্মুখীন হয়েছেন যার মাঝে ৭ বার গিয়েছিলেন ছুরিকাঁচির নিচে। যা কি না একজন পেসার হিসেবে ক্রিকেটের মহাকাশে একদমই বিরল। ক্রিকেট ক্যারিয়ারে ইনজুরির সাথে যুদ্ধ করে বার বার ফিরেছেন ক্রিকেটের সেই চিরচেনা বাইশগজে৷
২০১৯ বিশ্বকাপের পর আর মাঠে দেখা যায়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ থাকলেও ইনজুরির কারনে যাওয়া হয়নি মাশরাফীর। অনেক দিন ধরেই মাঠের বাহিরের জীবন পার করছেন ওয়ানডে অধিনায়ক। তবে আসন্ন বিপিএলকে সামনে রেখে গত ১৭ নভেম্বর অনুশীলনে ফিরেই চোটের কবলে পড়েছেন তিনি। তবে চোট গুরুতর নয় বলে জানা গেছে।
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতেই অনুশীলনে ফিরেন মাশরাফী। অনুশীলনে ফিরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের সময়,কুঁচকিতে চোট পান তিনি। বোলিং মেশিনের বিপক্ষে ব্যাট করার সময় হঠাৎই একটি বল এসে মাশরাফীর কুঁচকিতে লাগে। তবে কোমড়ে আগের ব্যাথা থাকায় ঝুঁকি না নিয়ে ব্যাটিং অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। গত ১৭ তারিখে এমন ঘটনা ঘটলেও একটু দেরিতেই প্রকাশ পেয়েছে মাশরাফীর চোটের খবর।
চোট পাওয়া ব্যাথা কিছুটা কমলেও এখনো পুরোপুরি শেষ হয়নি ব্যথা। তবে বিসিবির চিকিৎসক জানিয়েছেন এই চোট খুব বেশি গুরুতর নয় কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর এতটা ভয়ের কিছুও নেই বলে তিনি জানান।
সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ মাশরাফীর ইনজুরি খুব বেশি গুরুতর কিছু নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমাদের ফিজিও তাকে দেখেছে যদিও আমার এখনো দেখা হয়নি। ফিজিও বলেছে চিন্তার কিছু নেই কয়েক দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। ‘
আসন্ন বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন তিনি। তার সাথে রয়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, শাহীদ আফ্রিদি ও থিসারা পেরেরাদের মত তারকারা। ছয় বারের আসরের চার বারই অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছে মাশরাফী। তাই তো বিপিএলের সফলতম অধিনায়কের সেরে উঠা টা বেশ জরুরি ঢাকা প্লাটুনের জন্য।
