নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলকাতা, দ্য সিটি অব লাভ ; শুদ্ধ বাংলায় ভালোবাসার শহর! এ শহর মান্না দে, অঞ্জন দত্ত, কবীর সুমন, রূপম ইসলাম, অনুপম রায়েরা যেমন গান দিয়ে মাতিয়ে রাখেন তেমনি শহরের বুকে হিটম্যান খ্যাত রোহিত শর্মা পা রাখলে গোটা শহরটা কেঁপে ওঠে। কলকাতাকে ভারতের ক্রিকেটের মক্কা বলা হয়। এবার সেই মক্কায় গোলাপি বিপ্লব ঘটতে চলেছে। প্রথমবারের মত দিবারাত্রির টেস্ট ম্যাচে ভালোবাসার শহর কলকাতায় মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। গোলাপি বলের ক্রিকেটে দু’দলের অভিষেক হচ্ছে শুক্রবার।
ইডেন মানেই কত রোমাঞ্চ, কত ইতিহাস! ইডেন মানেই প্রতিটা বলে উত্তেজনা। ইডেন গার্ডেন্স প্রস্তুত গোলাপি বিপ্লবের জন্য। এই মাঠেই গোটা ভারত বাসীর বিপক্ষে লড়বে ছোট্ট এক বাংলাদেশ। দলের সেরা দুই ক্রিকেটার ছাড়াই ইতিহাসের স্বাক্ষী হচ্ছে বাংলাদেশ৷ সাকিব-তামিম ছাড়াই ইতিহাস রচনার এই ম্যাচে শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে লড়তে হবে মমিনুল হকের দলকে।
ইন্দোর টেস্টে স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হেরেছে প্রথম টেস্ট। তবে এবার গোলাপী বলে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করতে পারে কি না এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে আবারো অগ্নিপরীক্ষা দিতে হবে বাংলাদেশী পেসারদের। প্রথম টেস্টে কিছুটা আলো ছড়িয়েছিলেন আবু জায়েদ রাহি। কিন্তু প্রত্যাশা মেটাতে ব্যর্থ ছিলেন এবাদত। এবার কি তবে রাহি-আলামিন-মুস্তাফিজ এই তিনজন পেসার নিয়ে নামবে বাংলাদেশ? নাকি আবারো দুজন পেসার নিয়েই ভারতের বিপক্ষে দিবারাত্রির ম্যাচ খেলার দুঃসাহস করবে বাংলাদেশ?
দিবারাত্রির টেস্টে টসের গুরুত্ব : দিবারাত্রির টেস্টে একটা ব্যাপার বেশ পরিষ্কার। মূল ম্যাচের আগে টস অনেক বড় একটি ব্যাপার। বলা হয়ে থাকে দিবারাত্রির টেস্টে টস জিতে বোলিং করার কোন বিকল্প নেই। পরিসংখ্যানও এমনটাই বলছে। তাই বলাই যায় টসের ভূমিকা অপরিসীম।
আবু জায়েদ রাহি নাকি ইশান্ত শর্মা: বাংলাদেশ এবং ভারত দু’দলের কেউই আগে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলেনি৷ প্রথমবারের মত গোলাপি বলে খেলবে দু’দল। তবে ইডেন টেস্টে প্রথম বলটা কে করবেন সেটা জানা যাবে টসের পরেই। বাংলাদেশ প্রথমে বল করলে আবু জায়েদ রাহি আবার ভারত প্রথমে বল করে ইশান্ত শর্মা গোলাপি বলে প্রথম বলটা করবেন।
ইডেন টেস্টে থাকছেন বিশেষ কিছু অতিথি: ইডেন টেস্টকে ঘিরে কলকাতা শহরে সাজসাজ রব। পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ। প্রতিটা অলিগলিতে আলোচনার কেন্দ্রবিন্দু ইডেন টেস্ট। এই ম্যাচকে ঘিরে বিসিসিআই বিশেষ আয়োজন করেছে। নবনির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের সকল ক্রিকেটাররা উপস্থিত থাকবেন ইডেনে। বাংলাদেশ ও ভারতের সাবেক ক্রিকেটারদের মিলনমেলা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
কেমন হবে ইডেনের উইকেট: ইডেন টেস্টের উইকেট নিয়েও ভক্তদের মনে আগ্রহের কমতি নেই। সবার মনে একই প্রশ্ন কেমন হবে ইডেনের উইকেট। ইডেন গার্ডেন্সের চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এ ব্যাপারে কথা বলেছেন৷ তিনি বলেন, “ভারত বর্ষে প্রথমবারের মত গোলাপি বলে দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দিকটায় বিশেষ্যত্ব থাকলেও উইকেটে তেমন কোন পরিবর্তন থাকবে না। কয়েকদিন আগে আমরা ঘরোয়া ক্রিকেটে একটা দিবারাত্রির ম্যাচ আয়োজন করেছি ইডেনে৷ সেটার উইকেটও ছিলো চিরাচরিত ইডেনের উইকেটের মতই। এবারও এমনটাই থাকছে।”
তার কথা মত ধরেই নেওয়া যায় ইডেনের উইকেটে তেমন কোন পরিবর্তন আসবে না৷ তবে রাতের বেলা শিশির একটা বড় ভূমিকা পালন করবে। বোলারদের জন্য নিশ্চয়ই এটা চিন্তার ব্যাপার। ব্যাটসম্যানরা শিশির থেকে বাড়তি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।
