নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে ভালো করলেও টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ সিরিজ হারলেও লড়াই করেছে বাংলাদেশ। ভিন্ন চিত্র ইন্দোর টেস্টে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে। পাঁচ দিনের ক্রিকেটের ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য দলের করণীয় জানিয়ে দিলেন সাবেক টাইগার কোচ ডেভ হোয়াইটমোর।
হোয়াটমোরের দাবি, ‘সীমিত ওভারে যে মনোভাব নিয়ে খেলে, টেস্ট ক্রিকেটে সেই মনোভাব নেই। টেস্ট উপভোগ করার পরামর্শ সাবেক টাইগার এই কোচের।’
এই প্রসঙ্গে ভারতীয় জনপ্রিয় দৈনিকের সাথে আলাপকালে হোয়াটমোর বলেছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে যে মনোভাব নিয়ে বাংলাদেশ খেলে, টেস্টে তা দেখা যায় না। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাকিব-তামিমকে ছাড়াই কিন্তু খেলেছিল বাংলাদেশ। ওদের অভাব কিন্তু সেরকম অনুভব করা যায়নি। এবার থেকে টেস্টকেও উপভোগ করার কাজ শুরু করতে হবে ওদের।’
তার কণ্ঠে, ‘পেস বিভাগে উন্নতি করতে না পারলে এই কাজ খুবই কঠিন। আবু জায়েদ ভাল প্রতিভা। কিন্তু এবাদত হোসেন বড্ড শর্ট বল করে ফেলছে। সেই সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদেরও উদাহরণ হয়ে উঠতে হবে। ভাল ইনিংস খেলে জুনিয়রদের অনুপ্রাণিত করতে হবে। উইকেটে থিতু হয়ে গেলে বড় ইনিংস গড়ার চেষ্টা করতে হবে। উইকেট ছুড়ে দিয়ে আসলে স্বপ্নপূরণ হবে না।’
ইন্দোর টেস্টে এমন হারের কারণ দলের রক্ষণাত্মক ক্রিকেট মনে করেছেন হোয়াটমোর। জয়ের জন্য সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদের একই সাথে পারফরম্যান্স করতে হবে – বলছেন সাবেক টাইগার এই গুরু।
ভারতের বিপক্ষে হারের কারণ জানাতে গিয়ে হোয়াটমোর বলেছেন, ‘হারের অন্যতম কারণ অবশ্যই রক্ষণাত্মক মনোভাব। মোহাম্মদ শামিদের বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনারেরা বলের নাগালই পাচ্ছিল না। প্রতিপক্ষকে নিজেদের উপরে চাপতে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি কোচ থাকাকালীন স্পষ্ট বলে দিতাম, হারতে রাজি আছি। কিন্তু লড়াই ছাড়া হারতে পারব না। মাঠে নেমে প্রতিপক্ষকে বুঝিয়ে দাও, বাংলাদেশকে ছোট দল হিসেবে দেখলে ভুল করবে।’
