নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি-টোয়ান্টি ক্রিকেটে ১০০০ তম ম্যাচে ভারতের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল (রবিবার) দিল্লিতে মুখোমুখি হয় বাংলাদেশ। মুশফিকের অর্ধশতকে ৭ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে জয়ের নায়ক মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের অবশ্যই চিন্তা থাকবে সিরিজ জয়ের। হয়তো দ্বিতীয় ম্যাচেই হয়ে যেতে পারে।’ মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের ইনিংসে, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ভারতের সাথে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। তবে আজ দিল্লি ছাড়ছেন টাইগাররা।
আর সে লক্ষ্যে আজ দুপুরেই দিল্লি ছেড়ে দ্বিতীয় টি-টোয়েন্টির শহর রাজকোট চলে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেন টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান আজ দিল্লি ছেড়ে রাজকোট যাচ্ছে ক্রিকেট দল।
আজ (সোমবার) ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) দিল্লি থেকে রাজকোটের উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে পৌঁছতে সময় লেগে যাবে প্রায় দেড় ঘণ্টা। তবে সেখানে পৌঁছে আজ কোনো অনুশীলন করবে না ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
