নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল (২৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেটে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। আইসিসি সাকিবকে ২ বছর নিষেধাজ্ঞা প্রদান করেছে। তবে সে শাস্তি ১ বছরের হতে পারে। এখন সাকিব আল হাসান সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন।আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমিত নেই সাকিবের। সাথে ঘরোয়া ক্রিকেট খেলাতেও নিষেধাজ্ঞা, ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও সাকিব অনুপস্থিত থাকবেন। সবকিছুতেই সাকিবের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
ক্রিকেট জুয়াড়ির সাথে ফোন আলাপ হয় সাকিবের, তা গোপন রাখার জন্য এ শাস্তি। আইসিসি এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের শাস্তি দিয়েছে সাকিবকে। ২০২০ সালের ২৯ অক্টোবর আবার মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যখন ব্যস্ততম সময় কাটাবে তখন সাকিব থাকবেন মাঠের বাইরে।
আসন্ন ভারত সফর দিয়ে বাংলাদেশ সিরিজ গুলো মিস করবেন সাকিব। নভেম্বর ভারত সফরের তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। যেখানে এই এক বছরে বাংলাদেশ ঘরের মাঠে এবং দেশের বাইরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। পাশাপাশি এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবে। নিষিদ্ধ থাকায় সাকিব থাকবেন না এসব খেলায়।
আইসিসির এফটিপি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া সাকিব ১১ টেস্ট, ৩ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টি মিস করবেন। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় চলতি বছর ও আগামী বছর ওয়ানডের থেকে টি-টোয়েন্টি বেশি খেলবে বাংলাদেশ। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের একাধিক ম্যাচ মিস করতে যাচ্ছেন সাকিব।
তাছাড়া হোম ভেন্যুতে, ফেব্রুয়ারিতে আমন্ত্রণ জানাবে অস্ট্রেলিয়াকে, সেখানে স্মিথ ও ওয়ার্নাররা ২টি টেস্ট খেলবে। মার্চে জিম্বাবুয়ে আসবে সিরিজ খেলতে, এক টেস্টের পর দুই দল খেলবে ৫ টি-টোয়েন্টি। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ২০২০ সালের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে অল স্টার এশিয়া ও বিশ্ব একাদশ ২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশে। নিশ্চিতভাবেই সাকিব মিস করতে যাচ্ছে এ এসব আয়োজন।
এরপর আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ একটি টেস্টের পর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। জুলাইয়ে বাংলাদেশের সফর শ্রীলঙ্কায়। সেখানে শুধুমাত্র হবে ৩ টেস্ট। আগষ্টে বাংলাদেশ ২ টেস্টের জন্য আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ডকে। ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং নিউজিল্যান্ডে সফরে ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সাকিব ছাড়া বাংলাদেশ কত দূর এগোবে?? সাকিব ছাড়া দল নির্বাচন করা চ্যালেঞ্জিং তা সাফ জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘আমাদের হাতে কিছু করার থাকলে আমরা করতাম। আগামী একটা বছর কতো খেলা অথচ সাকিব থাকবে না। আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং সময় আসছে সামনে।’
