সাকিবের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে বোর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে যে কালো মেঘের আবির্ভাব ঘটেছিল তা এখনো কাটে নি। দেশের ক্রিকেটের দুঃসময় যেন কাটতেই চাইছে না। ক্রিকেটাররা আন্দোলন প্রত্যাহার করে মাঠে ফিরলেও এবার সাকিব আল হাসানের বিপক্ষে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে বোর্ড।

দাবি-দাওয়া নিয়ে বিসিবি-ক্রিকেটারদের বৈঠকের পর নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল বেশ হাসিমুখেই। কিন্তু একটা শঙ্কা ঠিকই ছিল। ভারত সফর সামনে থাকায় বোর্ড হয়তো দাবি মানার আশ্বাস দিয়ে মাঠে ফেরাচ্ছে ক্রিকেটারদের কিন্তু ক্রিকেটারদের উপর জন্মানো ক্ষোভ কি এত তাড়াতাড়ি কমবে বোর্ডের? এভাবে গণমাধ্যমের সামনে অভ্যন্তরীণ ব্যাপার তুলে নিয়ে আসায় ক্রিকেটারদের উপরে বোর্ডের যে ক্ষোভ সেটা অবশ্য বুঝতে অসুবিধে হয় নি সাধারণ মানুষের।

এবার ২৪ ঘন্টার ব্যবধানেই সাকিবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বুঝিয়ে দেয় এত সহজেই পার পাচ্ছেনা কোন ক্রিকেটারই। ধর্মঘটের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সাকিব আল হাসান গ্রামীণফোনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার খবর আসে। দাবি-দাওয়া নিয়ে বোর্ডের সাথে দ্বন্দ্বের মাঝেই সাকিবের এমন খবরে বিস্ময়ও জেগেছিল অনেকের মনে।

ক্রিকেট বোর্ডের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ ছিল একমাত্র টেলিকম কোম্পানি রবি। অথচ ক্রিকেটাররা আলাদাভাবে গ্রামীনফোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে এর আগে ক্ষতির মুখে ফেলেন বিসিবিকে। মূলত এজন্যই সাকিবের চুক্তিবদ্ধ হওয়াকেও বিসিবি দেখছেনা ইতিবাচকভাবে। বিসিবি সভাপতির ব্যক্তিগত অসন্তোষ নয়, বরং চুক্তিতেই এমন কিছুর উল্লেখ আছে বলে একটি জাতীয় দৈনিককে জানান নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি বলেন, ‘সাকিব টেলকম কোম্পানিটির সাথে চুক্তিবদ্ধ হতে পারেনা। কেন পারবেনা সেটা আমাদের চুক্তিপত্রে স্পষ্টভাবে বলা আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর ছিল, গ্রামীনফোণ বিডই করেনি। পরে একজন, দুইজন ক্রিকেটারকে আলাদাভাবে এক, দুই কোটি টাকা দিয়ে ধরেছে। এজন্য আমাদের ৯০ কোটি টাকা হারাতে হয়েছে।’

‘এরকম কিছু হাওয়ায় ক্রিকেটাররা হয়তো লাভবান হয়েছিল কিন্তু বোর্ডকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এরপরই আমরা চুক্তিতে স্পষ্ট বলে দেই কোন টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া যাবেনা বোর্ডের অনুমতি ছাড়া। এমনকি মন্ত্রণালয় থেকেও এমনই বলা আছে। তাহলে সে কীভাবে আমাদের না জানিয়ে চুক্তিবদ্ধ হয়? আর সময়টা দেখেন, যখন ক্রিকেটারদের ধর্মঘট চলছিল’ যোগ করেন পাপন।

দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি বলেন, ‘আমরা আইনী পদক্ষেপে যাচ্ছি। এ ক্ষেত্রে কাউকে আমরা বাঁচাবোনা। ক্ষতিপূরণ চেয়েছি, এমনকি খেলোয়াড়রাও ক্ষতিপূরণ দিবে। গ্রামীণফোনের কাছে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। সাকিবকেও কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। সে জবাব দিবে, আমাদের অনুমতি নেয়নি কেন? আমাদের কাছে মনে হয়েছে বোর্ডকে পাত্তা না দেওয়ার মত কিছু করেছে সে, যদি এমন কিছু হয় আমরা কঠোর পদক্ষেপে যাবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »