নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব ও ২০২৩ এশিয়ান বাছাই পর্বের নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। কলকাতার সল্ট লেকে দর্শকের দিক থেকে জয়টা ভারতের থাকলেও ৯০ মিনিট শেষে খেলার জয়টা ঠিকই নিজেদের করে নিয়েছে জামাল ভুঁইয়ারা।
কাতার ম্যাচের মত করে শুরু থেকেই সল্ট লেকে ৮০ হাজার দর্শককে স্তব্ধ করে নিজেরা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ । সুনীল ছেত্রীকে জায়গা করতে দেন নি ইয়াসিন খানরা, আর সেই সাথে কড়া মার্কিংয়ে রেখে ছিলো ভারতের পুরো আক্রমণভাগকে। ইয়াসিন খানরা ভারতের আক্রমণভাগকে আটকে রাখতে ব্যস্ত থাকলেও নিজেদেরকে গুটিয়ে রাখেননি জীবন, বিপলুরা । ভারতের আক্রমণের বিপরীতে সমান তালে আক্রমণ করতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা।
সুনীল ছেত্রীদের আক্রমণে যখন উজ্জীবিত সল্ট লেক তখনই যেন সল্ট লেকের আকাশে সাদ উদ্দীন নামক নাগিনের আবির্ভাব। ম্যাচের সময় তখন ৪২ মিনিট, জামাল ভুঁইয়ার ফ্রি কিকে সাদ উদ্দীনের মাথার আলতো ছোঁয়ায় বল ভারতের জালে। জামাল ভুঁইয়ার ফ্রি কিক সাদ উদ্দীনের আলতো মাথায় ছোঁয়ায় স্তব্ধ সল্ট লেক, স্তব্ধ পুরো ভারতবর্ষের আলোকোজ্জ্বল আকাশ। এ যেন ঝকঝকে আকাশে এক টুকরো মেঘের আবির্ভাব । সাদ উদ্দীনের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় জেমি ডের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে আবারো ভারতের সাথে পাল্লা দিয়ে খেলতে থাকে বাংলার টাইগারেরা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ হয়ে উঠে আরো উত্তেজনাপূর্ণ। বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও ভারতের আক্রমণভাগ পারে নি জালে বল পাঠাতে। সুযোগ বুঝে আক্রমণে যায় বাংলাদেশও। পেয়ে যেত দ্বিতীয় গোল। কিন্তু আদিল খানের কল্যাণে বেঁচে যায় ভারত।
মাত্র যখন কয়েক মুহূর্তের অপেক্ষা তখন আদিল খানের দুর্দান্ত গোলে ম্যাচে সমতায় ফিরে ভারত। দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশের রক্ষণভাগ পরাস্ত করতে সক্ষম হয় ভারত। তবুও বাংলাদেশের এমন বীরত্বগাঁথা ফুটবল প্রশংসার দাবি রাখে। অতিরিক্ত সময়ে আরো কয়েকবার চেষ্টা করলেও গোলের দেখা পায় নি বাংলাদেশ।
এ জয় যেন উড়ন্ত বাংলাদেশের রচিত এক রুপকথার গল্প। দিন বাড়ছে গল্প বাড়ছে, ছোট ছোট গল্প গুলো যেন এক একটা রুপকথায় পরিণত করছে জামাল ভুঁইয়ারা। এ শুধু মাত্র একটি পয়েন্ট না, এ যেন ৮০ হাজারের সল্ট লেক জয়, এ যেন ভারতবর্ষ কাঁপিয়ে দেওয়া। সল্ট লেকের আকাশের মত বিশ্ব আকাশে উড়তে থাকুক রক্তমাখা এই লাল সবুজের পতাকা।
