নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটের স্বর্গ বলা হয়ে থাকে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামকে। লর্ডস স্টেডিয়ামের ২২ গজে পারফর্ম করা থেকে শুরু করে সেখানকার অনার্স বোর্ডে নাম উঠানো, একজন ক্রিকেটারের জন্য বেশ মর্যাদার। এর ফলে সর্বস্তরের খেলোয়াড়েরা এই মাঠে পারফর্ম করে অনার্স বোর্ডে নাম তুলতে মুখিয়ে থাকে।
লর্ডসের মতো মর্যাদাপূর্ণ না হলেও পাকিস্তানের করাচি স্টেডিয়ামেও আছে ‘অনার্স বোর্ড’। আর করাচির এই অনার্স বোর্ডে প্রজ্জ্বলিত হয়ে আছে আমাদের অলক কাপালির নাম। ২০০৮ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিলো পাকিস্তানে। সেই আসরে করাচি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৯৬ বলে ১১৫ রানের একটি চোখ ধাধানো ইনিংস খেলেন অলক কাপালি। আর এমন এক শতকের ফলে প্রথম বাংলাদেশী হিসেবে করাচির অনার্স বোর্ডে নাম উঠান তিনি। যা এখনো দীপ্তিমান করাচির অনার্স বোর্ডে।
দীর্ঘদিন পর শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ দিয়ে পাকিস্তানে ক্রিকেট ফিরেছে। সেই সুবাধে ওয়ানডে সিরিজ মাঠে গড়ায় করাচি স্টেডিয়ামে। এই ওয়ানডে সিরিজে পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি ও ব্যাটসম্যান বাবর আজম এবং শ্রীলঙ্কান ব্যাটসম্যান গুনাথিলিকা নতুন করে নাম তুলেন করাচির এই অনার্স বোর্ডে।
