আফগানদের থেকে জ্ঞানলাভ করার কিছু নেই: মাহমুদউল্লাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমানে আফগানিস্তান যেনো বাংলাদেশের কাছে এক কঠিন প্রতিপক্ষের নাম। বাংলাদেশী ক্রিকেটাররা এই নবাগত দলটার বিপক্ষে খেলতে গেলেই ভিন্নরকম এক মানসিক চাপে ভোগেন। সদ্য সমাপ্ত হওয়া আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে লজ্জাজনক এক হার তারই প্রমাণ করে। যা তিনজাতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টাইগারদের মধ্যে দেখা গিয়েছিলো।

এর আগেও দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার তেতো স্বাদ ভোগ করেছিলেন টাইগাররা। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। যার ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে টানা ৪ ম্যাচের পরাজয় বরণ করার লজ্জার রেকর্ড গড়ে টাইগাররা।

আফগানদের বিপক্ষে এমন পারফরম্যান্সে অনেকেই বলতে পারেন, তাদের থেকে শেখার আছে বাংলাদেশের। তবে মাহমুদউল্লাহ বলছেন ভিন্ন কথা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় না ওদের কাছে আমাদের কিছু শেখার আছে। আমরা বাজে খেলেছি তাই ম্যাচ আমাদের বিপক্ষে গিয়েছে। অবশ্য আফগানদেরও কৃতিত্ব দিতে হবে। কেননা তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, একই সাথে আমরা খারাপ খেলেছি। তাই ফলটাও আমাদের বিপক্ষে গেছে। তাদের বিপক্ষে আমাদের কিছু শেখার আছে বলে মনে করি না আমি।’

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেরা আরো চতুর হবেন বলে জানান তিনি। তার ভাষ্যমতে, ‘আমরাও অনেক কিছু করতে পারি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সতর্ক হতে হয়। বেশ কিছু ম্যাচে ১৩-১৪ ওভার না যেতেই ৬ থেকে ৭ টি উইকেট হারিয়ে ফেলেছি। আর এই বিষয়গুলো নিয়েই আমাদের কাজ করতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »