নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব ছিলো। সাইফউদ্দিনে সেই অভাব পূরণ করার কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। নিজেকে প্রমাণও করেছেন। সেই সুবাদে তিনি দলের স্ট্রাইক বোলার এবং দলের নিয়মিত সদস্য। তবে প্রথম ওভারগুলোতে নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষদিকে এসে তিনি বেশ খরুচে হয়ে যান। তার এই শেষদিকে খরুচে হওয়ার এই তিক্ত অভিজ্ঞতার যেন অবসান ঘটেছে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। আর তাই ইকোনমি রেট নিয়ে কিছুটা দুশ্চিন্তামুক্ত হয়েছেন বলে জানান সাইফউদ্দিন।
ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে আজ ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই গণমাধ্যমকে সাইফউদ্দিন তার তৃপ্তির কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আমার ইকোনমি রেট তেমন একটা ভালো ছিলো না। এই সিরিজে চেষ্টা ছিলো আমার ইকোনমি রেটটা একটা ভালো অবস্থানে নিয়ে আসার। আমার সামনে লম্বা ক্যারিয়ার। আমি চেষ্টা করছি নিয়মিত উইকেট নেওয়ার এবং ইকোনমি রেটটা নিয়ন্ত্রিত রাখার। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে।’
ত্রিদেশীয় এই সিরিজের আগে টি-টোয়েন্টিতে সাইফউদ্দিনের ইকোনমি রেট ছিলো ১২ এর মতো। তবে এই সিরিজের ৪টি ম্যাচ খেলে এটি ৯ এর নিচে নেমে এসেছে।
চলমান এই সিরিজের প্রথম ম্যাচে ২৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩৩ রান খরচায় নেন ৪ উইকেট, তৃতীয় ম্যাচে ১৪ রান খরচায় নেন ১ উইকেট এবং চতুর্থ ম্যাচে ২৩ রান খরচায় তুলে নেন এক উইকেট। এ থেকে বুঝাই যাচ্ছে, নিয়মিত উইকেট নেওয়ার সাথে সাথে তার ইকোনমি রেটটাও আগের বেশ নিয়ন্ত্রিত।
