নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনু-১৯ দল। ভারতের সাথে বাংলাদেশের হার যেন এক প্রচলিত প্রথার নাম হয়ে গেছে। আসন্ন যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শিরোপা হারিয়েছে বাংলাদেশ অনু-১৯ দলও। গত ১৪ ই সেপ্টেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে ভারত যুব দলের কাছে হেরে শিরোপা হারায় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। প্রথমে বোলিং করে ১০৬ রানের মাঝে আটকে দিলেও ব্যাটিং ব্যর্থতায় সে রান তাড়া করতে পারেনি বাংলাদেশ, গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। তবে সেখানে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক।
যুব এশিয়া কাপে রানার্সআপ হওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল দেশে ফিরেছে গত ১৫ ই সেপ্টেম্বর। দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারী। দলের এমন হার নিয়ে ক্ষোভ ও হতাশা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। অন্য সবার মত তিনিও মনে করেন প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আম্পায়ারদের কাছে বাড়তি সুবিধা পায় তারা। সেই সাথে ব্যাটিং ব্যর্থতাকেও দায় করেছেন তিনি।
ব্যাটিং ব্যর্থতাকে মনস্তাত্ত্বিক দুর্বলতা বলে তিনি বলেন, ‘অসাধারণ বোলিং করেছে আমাদের বোলাররা। অনেক ভালো বোলিং করেছে। সবকিছুই ভালো হয়েছে আমাদের। আপনারা সরাসরি খেলা দেখেছেন। আমাদের সাথে খেলা হলেই কেন এমন হবে? ভারতের বিপক্ষে খেলা হলে দুই একটা বাজে আউট দিয়ে খেলা শেষ করে দেয়া হয়।’
ভারতের কাছে এমন হার নিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবারই এমন হয়, ভারতের কাছে আমরা জেতা ম্যাচগুলো হেরে যাই। বারবারই জেতা ম্যাচগুলো হারছি। হয়ত সাইকোলজিক্যাল কিছু একটা কাজ করে ঐ সময়। যদি আগের সিরিজগুলো দেখেন, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। সবকিছুতেই আমাদের উন্নতি হচ্ছে। এশিয়া কাপে আমরা ভালোই খেলেছি। খারাপ যে খেলেছি তা না। ম্যাচটি দুর্ভাগ্যবশত হেরে গিয়েছি। কিছু করার নেই।’
