নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নাম ওয়াসিফ আকবার, বয়স ১৭, সুনামগজ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্র। ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে তার মনে অনেক স্বপ্ন। কিন্তু শুধুই স্বপ্ন দেখলে হবে? স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে হবে না ? ওয়াসিফ কেবল স্বপ্ন দেখেই থেমে থাকেন নি, স্বপ্ন পূরণে নেমে পড়েছেন ব্যাট বল হাতে ক্রিকেট মাঠে।
ক্রিকেটে আগমন হয়েছে সুরমা ক্রিকেট একাডেমীর মাধ্যমে। ২০১৬-১৭ সিজনে সুনামগঞ্জ অনূর্ধ্ব -১৪ দলের হয়ে যাত্রা শুরু হয় ওয়াসিফের ক্রিকেট ক্যারিয়ারের। মূলত এখান থেকেই স্বপ্ন পূরণের জন্য শুরু হয় তার পথচলা। একজন প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার হিসেবে পারফর্ম করে গেছেন যখনই সুযোগ মিলেছে। বাঁহাতি এই ওপেনার ব্যাট হাতে যেমন ঝড় তুলতে পারেন তেমনি তার ঘূর্ণি বলে ঘায়েল করতে পারেন প্রতিপক্ষের ব্যাটম্যানদের। রাইট আর্ম লেগ ব্রেকে দলের প্রয়োজনে এনে দিতে পারেন ব্রেকথ্রো। কিন্তু এই বয়সেই এত কিছু? হ্যাঁ, ঠিক তাই। সুনামগঞ্জ জেলার হয়ে অনূর্ধ্ব -১৪ এবং ১৬ দলে খেলে নিজেকে যখন প্রমাণ করেছেন তখনই ডাক পেয়েছেন সিলেট বিভাগীয় দলে।
২০১৭-১৮ সিজনে জাতীয় স্কুল ক্রিকেটে ওয়াসিফ খেলেছেন নিজের স্কুলের হয়ে। সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় সেবছর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। আর এই দলের হয়ে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেন ওয়াসিফ। ব্যাট আর বল হাতে আলো ছড়িয়ে নিজের স্কুলকে এনে দিয়েছেন রানার্সআপ তকমা। অনূর্ধ্ব -১৭ দলের ক্যাম্পেও ছিলেন ২০১৭-১৮ সিজনে।
দিন যত সামনে এগোচ্ছে ওয়াসিফের স্বপ্ন গুলো একটু একটু করে বাস্তবে পরিণত হতে শুরু করেছে। আর এর পেছনে সবচেয়ে বড় ব্যাপার হল তার কঠোর পরিশ্রম ও ক্রিকেটের প্রতি ভালবাসা। মাত্র ১৭ বছর বয়সেই নিজেকে একটু একটু করে একজন পরিণত ক্রিকেটার হিসেবে তুলে ধরছেন।
গত সিজন অর্থাৎ ২০১৮-১৯ সিজনে ওয়াসিফের সুযোগ মিলেছে সিলেট হোয়াইট মোহামেডানের জার্সি গায়ে মাঠে নামার। তিনি জানতেন এই সুযোগটা তার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। হোয়াইট মোহামেডানের হয়ে চারটি হাফ সেঞ্চুরি করেন ঐ সিজনে। আর এতেই সিলেটের ক্রীড়াঙ্গনে একদম হৈচৈ কান্ড বাঁধিয়ে ফেলেন ওয়াসিফ। এই পারফরম্যান্সেই ওয়াসিফ সুযোগ পেয়েছেন ন্যাশনাল ক্রিকেট লীগে (এনসিএল)। ন্যাশনাল ক্রিকেট লীগে সিলেট ডিভিশনের প্রাথমিক দলে ডাক এসেছে ওয়াসিফের।
এ ব্যাপারে ওয়াসিফ আকবরের সাথে কথা হলে তিনি নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, ‘ সুনামগঞ্জ শহরেই বেড়ে উঠছি আমি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি ক্রিকেটার হওয়ার। সে অনুযায়ী পরিশ্রমও করে যাচ্ছি। লোকাল কোচদের অধীনে নিয়মিত কাজ করছি। আমার সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে এনসিএলে সুযোগ করে দিয়েছে। আমি আমার শহর সুনামগঞ্জ সহ সিলেট বাসীর কাছে দোয়া চাই। এনসিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দেবার চেষ্টা থাকবে।’
মাত্র ১৭ বয়সের একটি ছেলের এমন গুছানো কথাবার্তা মুগ্ধ করবে যে কাউকে। ঠিক এমনই মুগ্ধকর তার ব্যাটিং। ক্ল্যাসিকাল ক্রিকেটীয় শর্টগুলোই বলে দেয় সঠিক পরিচর্যা পেলে ওয়াসিফ হতে পারেন ভবিষ্যৎ কান্ডারি। ওয়াসিফ স্বপ্ন দেখেন একদিন তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন, স্বপ্ন দেখেন একদিন নিজের দেশের প্রতিনিধিত্ব করবেন। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবেন এমনটাই কামনা আমাদের। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের পক্ষ থেকে ওয়াসিফ আকবরের জন্য শুভকামনা।
