নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তাইজুলের ওয়ানডে অভিষেক হয় ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক তুলে নিয়ে রেকর্ড করেন স্পিনার তাইজুল ইসলাম । গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে অভিষেক হয় এই বাঁহাতি স্পিনারের। আর অভিষেক ম্যাচের প্রথম বলেই ব্রেন্ডন টেলরের উইকেট তুলে নিয়ে আবারো একটি রেকর্ড করেন তাইজুল।
বৃষ্টির বাঁধায় দেরীতে শুরু হওয়া ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচ কার্টেল ওভারে নেমে আসে ১৮ ওভারে। টস জিতে এমন বৃষ্টি ভেজা পিচে ফিল্ডিং নিতে দেরী করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। স্পিন ধরবে এমন ভাবনায় একাদশে সুযোগ পান তাইজুল।
ম্যাচের শুরুতেই বল হাতে তুলে নেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের এমন সিদ্বান্তের পরে প্রথম বলেই চার মেরে ভালো এক জবাব দেন টেলর। প্রথম ওভারের পরেই অধিনায়ক বল তুলে দেন অভিষিক্ত তাইজুলের হাতে। প্রথম বলেই টেলরকে শর্ট থার্ড ম্যান অঞ্চলে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করে নিজের অভিষেকই একটি রেকর্ড করে বসেন এই বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টি অভিষেকের প্রথম বলেই উইকেট নেওয়া ১৬ তম বোলার তিনি। প্রথম বোলার হিসেবে এমন রেকর্ড করেন অজি পেসার মাইকেল ক্যাসপ্রোভিচ ২০০৫ সালে। অকল্যান্ডে স্টিভেন ফ্লেমিংকে নিজের অভিষেক ম্যাচেই ফেরান প্রথম বলেই তিনি। তার পিঁড়ে এমন রেকর্ডে ভাগ বসান আরো ১৫জন। অবাক করা ব্যাপার হল এই তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। ১৬ জনের এই তালিকায় আছেন মাইকেল ক্যাসপ্রোভিচ ,অজিত আগারকার, আলফনসো থমাস, শন টেইট, ররি ক্লেইনভেল্ট, প্রজ্ঞান ওজা, জো ডেনলি, ভিরাট কোহলি, নাদিম খান, পরশ খড়কা, উইলি গাভেরা, অজয় লালচিতা, আমের ইয়ামিন, লকি ফার্গুসন, লাক্সান সান্দাকান ও তাইজুল ইসলাম।
