টেস্ট ফরম্যাট নিয়ে কঠোর হচ্ছে বিসিবি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে লজ্জাজনক হারের পর এবার টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। টেস্ট ম্যাচ খেলতে যাদের মধ্যে অনীহা দেখা যায় তাদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে ক্রিকেট বোর্ড, এমনটাই স্পষ্ট বুঝা গেছে নির্বাচক হাবিবুল বাশারের বক্তব্যে।

নবাগত আফগানিস্তানের বিপক্ষে এভাবে অসহায় আত্মসমার্পণ দেশের ক্রিকেট ভক্তদের পাশাপাশি হতাশ করেছে ক্রিকেট বোর্ডকেও, আর তাই এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি দেশে তাদের ফরম্যাট অনুযায়ী ভিন্ন ভিন্ন প্লেয়ারদের নিয়ে দল গঠন করা হয়ে থাকে।

শুধুমাত্র এই একটি জায়গায় বাংলাদেশ ব্যতিক্রম, ঘুরেফিরে রঙিন পোশাকের প্লেয়ারদের নিয়েই টেস্ট ক্রিকেটটাও চালিয়ে যাচ্ছে বোর্ড, যার ফলে সেটার প্রভাব পড়ছে ক্রিকেটারদের পারফরমেন্সেও। অনেক আগে থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, টেস্ট ক্রিকেট খেলতে দলের অনেক ক্রিকেটারদের মধ্যে অনীহা দেখা যায়। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ ব্যাপারে তিনি জানান, ‘টেস্ট খেলতে অনীহা প্রকাশ করাটাকে আমরা কখনো সমর্থন করবো না। যে ফরম্যাটেই খেলুক ক্রিকেটার তো দেশের হয়েই প্রতিনিধিত্ব করবে, তাহলে দেশের হয়ে কোন ফরম্যাটে খেলায় অনীহা প্রকাশ করলে এই ব্যাপারে আমরা কঠোর হবো। সামনে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে, টেস্ট চ্যাম্পিয়ন শুরু হওয়ার আগে এসব ব্যাপারে আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিবো। টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরুর আগেই আশা করি সবকিছুর সুন্দর একটি সমাধান খুঁজে পাবো আমরা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »