নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে স্বস্তি নেই টাইগার শিবিরে। সফরকারী আফগানিস্তান এগিয়ে আছে ১৪৮ রানে।
গতকালের ৫ উইকেটে ২৭১ রান নিয়ে আজ ২য় দিনে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু তাইজুল-সাকিবের ঘূর্ণিতে আজ খুব একটা সুবিধা করতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। শেষের দিকে অধিনায়ক রশিদ খানের ফিফটিতে ৩৪২ রানের বড় পুঁজি পায় তারা।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারিয়ে বিপাকে পড়ে টিম টাইগার্স। শূন্য রানে সাদমান ইসলাম ফিরে গেলে সৌম্য আর লিটন কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু উইকেটে অস্বস্তিতে থাকা সৌম্য ব্যক্তিগত ১৭ রান করে সাজঘরে ফিরেন। এরপর উইকেটে সেট হওয়া লিটনও রশিদ খানের শিকারে পরিণত হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে ফিরে যান অধিনায়ক সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহও। এক প্রান্ত আগলে রেখে মমিনুল হক নিজের ক্যারিয়ারের ১৩তম ফিফটি করে নবীর বলে আউট হলে তখনই ফলোঅনে পড়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে মিরাজ আর তাইজুলকে নিয়ে ফলোঅনের শঙ্কা কাটান মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের ২য় দিন শেষ করেছে বাংলাদেশ। মোসাদ্দেক ৪৪ এবং তাইজুল ১৪ রানে অপরাজিত আছেন। আফগানিস্তানের পক্ষে অধিনায়ক রশিদ খান ৪ টি, মোহাম্মদ নবী ২ টি এবং ইয়ামিন ও কায়েস আহমেদ ১ টি করে উইকেট নিয়েছেন।
২য় দিন শেষে স্কোরকার্ড: বাংলাদেশ ১৯৪/৮ (মমিনুল ৫২, মোসাদ্দেক ৪৪*, লিটন ৩৩, সৌম্য ১৭, তাইজুল ১৪*। রশিদ ৪৭/৪, ৫৩/২, কায়েস ২২/১) আফগানিস্তান ৩৪২/১০ (রহমত শাহ ১০২, আসগর ৯২, রশিদ ৫১। তাইজুল ১১৬/৪, নাঈম ৪৩/২, সাকিব ৬৪/২)
