নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এরই মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে সাগরপাড়ের মাঠটিতে খেলতে নেমে সাকিব আল হাসানকে হটিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্রুততম ১০০ উইকেট নেওয়া বোলার এখন তাইজুল ইসলাম। তিনি ২৫ তম ম্যাচ খেলে গড়েছেন এই কীর্তি।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। ইনিংসের ১৩ তম ওভারে বল করতে এসে আফগান ওপেনার ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে ড্রেসিং রুমের পথ দেখান তাইজুল ইসলাম। আর এই উইকেট লাভের মাধ্যমেই সাকিবকে টপকে বাংলাদেশ টেস্ট ইতিহাসের দ্রুততম ১০০ উইকেট পাওয়া বোলার এখন তিনি। এর আগে ২৮ টেস্ট খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আর এবার নিজের ২৫তম টেস্ট ম্যাচ খেলতে নেমে সাকিবকে টপকে গেলেন এ বাঁহাতি।
এরই সাথে ৩য় বাংলাদেশী বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাইজুল-সাকিব ছাড়াও এই মাইলফলক স্পর্শ করেছিলেন মোহাম্মদ রফিক। ১০০ উইকেট শিকারের জন্য, তাকে ম্যাচ খেলতে হয়েছে ৩৩ টি। মজার ব্যাপার হলো, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০০ উইকেট নেওয়া তিনজন বোলারই বাঁহাতি স্পিনার। দ্রুততম ১০০ উইকেট পাওয়া বোলারের তকমা কাঁধে নিয়েও, থেমে থাকেননি তাইজুল। ইনিংসের ২৫ তম ওভারে এসে ইব্রাহিম জাদরানকে ফেরালে, তাইজুলের ঝুলিতে জমা হয় ১০১ উইকেট। আর এই উইকেট লাভের ফলে, সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে টপকে বাংলাদেশ টেস্ট ইতিহাসের দ্বিতীয় সেরা উইকেট শিকারী বোলার এখন তাইজুল। শীর্ষে আছেন সাকিব আল হাসান, তার উইকেট সংখ্যা ২০৫।
২০১৪ সালে আজকের এই দিনটায় (৫ সেপ্টেম্বর) উইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিলো তাইজুলের। অভিষেক ম্যাচেই ৫ উইকেট পেয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। ঠিক ৫ বছর পর একই দিনে আরেকটি কীর্তি গড়লেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
