পাকিস্তান সফরে বাংলাদেশের মেয়েরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুক্রবার সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরে দ্বিতীয় নারী দল হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে বিগত জানুয়ারিতে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। বাংলাদেশ নারী দলের সফর সূচিতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে আরেকটি বড় ধাপ এগোলো তারা।

বাংলাদেশের মেয়েরা পাকিস্তান পৌঁছাবে ২৩ অক্টোবর। ২৬, ২৮ ও ৩০ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের দুটি ওয়ানডে হবে ২ ও ৪ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এদিকে আগামী মাসের শেষ দিকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »