নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। এর যথেষ্ট কারণও রয়েছে বটে!
কেননা বড় বাজেটের এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে আছে বড় বড় নামগুলো। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আছে শাহরুখ খান, কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানায় আছে প্রীতি জিনতার মতো বলিউড তারকারা।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বলিউড বাদশা শাহরুখ খানের সাথে সহ-মালিক হিসেবে আছেন বলিউডেরই এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। তবে কেকেআরে আসছে তরুণ নেতৃত্ব। জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তাদের কন্যা জানভি মেহতার হাতে, যে কিনা মাত্র ১৮ বছরে পা দিয়েছে।
আইপিএলে অবশ্য একেবারেই নতুন মুখ নন জুহি কন্যা জানভি। বছর দুয়েক আগে থেকেই আইপিএলের খেলোয়াড় নিলামে দর কষাকষি করার অভিজ্ঞতাও আছে তার। অল্প বয়সেই জানভির মতো একজনের এত বড় দায়িত্বে আসাও অবশ্য আইপিএলের চমক নয়। ইতিমধ্যেই রিল্যায়েন্স গ্রুপ পরিচালিত দল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মালিকানা বুঝিয়ে দিয়েছে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে।
