নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান বিশ্বকাপে সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার পথে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপ মহারণের ২৬তম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
উইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া বাংলাদেশ দল রয়েছে ফুরফুরে মেজাজে। অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানের জয়ে বেশ চনমনে আছে অজিরাও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সবশেষ ওয়ানডে র্যাংকিংয়ে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৫ম স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে অজিদের তিন ধাপ পিছিয়ে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৮ম স্থানে বাংলাদেশ।
ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান পঞ্চম। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অজিরা।
