https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চিরাচরিত নিয়ম অনুযায়ী উপমহাদেশের কন্ডিশনে সাধারণত স্পিনাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। বল হাতে স্পিন ঘূর্ণি দেখিয়ে প্রতিপক্ষে কাবু করার জন্য একজন স্পিনারই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। অন্যদিকে ম্যাচ যখন মাঠে গড়ায় ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কন্ডিশনে তখন রাজত্ব করে থাকেন পেস বোলাররা।
এবারের বিশ্বকাপের আসর বসেছে ইংল্যান্ডের মাটিতে। তাই আগে থেকেই ধারণা করা হচ্ছিল গতিময় বোলাররা পাবেন বাড়তি সুবিধা। হচ্ছেও তাই। ইংলিশ কন্ডিশনে পেসারদেরই চলছে রাজত্ব। রান বন্যার এই বিশ্বকাপে স্পিনাররা ধুঁকছেন বেশিরভাগ সময়ই। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা কিংবা ভারতের কুলদিপ যাদবদের মত স্পিনাররা বল হাতে ছিলেন ম্লান। এর থেকে অবশ্য কিছুটা ব্যতিক্রম ছিলেন বাংলাদেশের সাকিব-মিরাজরা। বল হাতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স বাদ দলে বাকি দুই ম্যাচে নিজেদের উজার করে দিয়েছেন তারা।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাবার পর ব্রিস্টল থেকে টনটনে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেছেন টাইগারদের স্পিন কোচ সুনিল যোশি। দলের স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি তার নজর এখন পরবর্তী ম্যাচে।
যোশি বলেন, ‘এই বিশ্বকাপে প্রতিটি বোলারের জন্যই চ্যালেঞ্জের বলে মনে হয় আমার কাছে। যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আমাদের স্পিনাররা আমি বলবো অসাধারণ পারফর্ম করেছে তারা। তাদের জন্য আমার উপদেশ কি তারা সেটা খুব ভালো করেই জানে। তাই এটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো।’
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ম্যাচের সূচী সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও জানান, ‘বিশ্বকাপের যে সূচী বানানো হয়েছে সেটা নিয়ে তো আর যুদ্ধ করা যাবে না। যে সূচী বানানো হয়েছে সেটাতেই খেলা প্রয়োজন এবং এবং জেতার জন্য খেলাই উত্তম।’
