নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে পরবর্তী ম্যাচ টনটনে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। আগামী সোমবার (১৭ জুন) সামারসেট কাউন্টি ক্লাবে বিশ্বকাপে সবচেয়ে ছোট্ট মাঠ টনটনে ক্যারিবিয়ানদের মুখোমুখি টাইগাররা। ইংল্যান্ডের এ শহরে বাংলাদেশের কোনো ক্রিকেটার আগে আসেননি।
বিশ্বকাপে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ইতমধ্যে পরবর্তী ম্যাচ ভেন্যু টনটনে পৌছেছে মাশরাফি বাহিনী। বুধবার স্থানীয় সময় বিকাল চারটায় সোয়া এক ঘন্টার সফর শেষে টনটনে পৌছায় বাংলাদেশ। নতুন শহরে চনমনে রয়েছে বাংলাদেশ দল।
চলমান বিশ্বকাপে তিনটি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে সামারসেট কাউন্টি ক্লাবের ছোট মাঠটি। বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ দিয়ে ভাঙবে এখানকার ক্রিকেট উৎসব। তবে কেমন হবে শেষ ম্যাচের আবহাওয়া?
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের দিন আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা নেই!
